সুনামগঞ্জের দিরাই পৌর শহরের দোওজ গ্রামে একটি পারিবারিক মন্দির থেকে রাধারাণীর পিতলের বিগ্রহ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিগ্রহের সঙ্গে থাকা স্বর্ণের নূপুরও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
এ ঘটনায় শুক্রবার রাতে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক স্বর্গীয় বিষ্ণুপদ রায়ের বড় ছেলে বিমান রায়।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম করতে মন্দিরে যান বিমান রায়। এ সময় মন্দিরের জানালা খোলা দেখতে পান তিনি। পরে মন্দিরের দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, ঠাকুরের আসনে কৃষ্ণের বিগ্রহ থাকলেও রাধারাণীর বিগ্রহটি নেই।
বিমান রায় সিলেটভিউকে জানান, দামোদর মাস উপলক্ষে তিনি প্রতিদিন ভোরে উঠে আরতি ও প্রণামের জন্য মন্দিরে যান। ঘটনার দিনও একই উদ্দেশ্যে মন্দিরে গিয়ে রাধারাণীর বিগ্রহটি দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
তিনি আরও জানান, রাধারাণীর বিগ্রহের দুই হাতে দুটি স্বর্ণের বালা এবং পায়ে স্বর্ণের নূপুর ছিল। চুরির পর একটি বালা মন্দিরের ভেতরে এবং অন্যটি বাড়ির বাইরে পাওয়া গেছে। তবে বিগ্রহ ও পায়ের নূপুর পাওয়া যায়নি।
বিমান রায়ের স্ত্রী সাথী রানী রায় সিলেটভিউকে জানান, চুরি হওয়া স্বর্ণের নূপুরের ওজন আনুমানিক আট আনা। এর বাজারমূল্য প্রায় এক লাখ টাকা হতে পারে।
তিনি আরও জানান, মন্দিরের পাশে একটি লাঠি পাওয়া গেছে। লাঠিটির মাথায় তারের আংটার মতো কিছু লাগানো ছিল। তাঁদের ধারণা, ওই লাঠির সাহায্যে মন্দিরের জানালা খুলে বিগ্রহটি বের করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় কোনো শব্দ পেয়ে দুর্বৃত্তরা অন্য বিগ্রহগুলো নিতে পারেনি বলে তাঁদের ধারণা।
স্বর্গীয় বিষ্ণুপদ রায়ের স্ত্রী ঝরণা রানী রায় সিলেটভিউকে জানান, প্রায় ১৮ বছর আগে তিনি ভারতের বৃন্দাবন থেকে রাধারাণীর পিতলের বিগ্রহটি নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক মন্দিরে বিগ্রহটি পূজিত হয়ে আসছিল।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চুরি হওয়া বিগ্রহটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সিলেটভিউকে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.