ছবিঃ সিলেট ভিউ।
সুনামগঞ্জের দিরাইয়ে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায় প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিরাই পৌর শহরের মজলিশপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে পৌর শহরের বাগানবাড়ি আনন্দমেলা বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
শিক্ষা সফরে শিশুরা বিভিন্ন খেলাধুলা, বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়। পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। শিশুদের পাশাপাশি অভিভাবকরাও দিনটি উপভোগ করেন।
সৎসঙ্গ কেন্দ্রের শিক্ষক গীতা বনিক বলেন, প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।
অভিভাবক ঈশিতা দাস বলেন, সংসারের নানা ব্যস্ততায় অনেক সময় মায়েরা একসঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পান না। এ শিক্ষা সফরের মাধ্যমে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও একত্রিত হওয়া এবং আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি হয়েছে। এতে শিশুরাও অনেক আনন্দ পেয়েছে।
আরেক অভিভাবক ইতি রানী তালুকদার বলেন, সংসার ও সন্তানদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। এ ধরনের শিক্ষা সফর শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মেধা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। সুন্দর আয়োজনের জন্য তিনি কেন্দ্রের শিক্ষক গীতা বনিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সুনামগঞ্জ জেলা প্রকল্প পরিচালক রবিন আচার্য বলেন, এ ধরনের শিক্ষা সফর কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দের মধ্য দিয়ে শেখার এমন উদ্যোগ শিশুদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.