ছবি: সিলেটভিউ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ২০ জনকে পরীক্ষার সম্পূর্ণ ফি ফেরত দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ক্যাম্পাসে বিনা খরচে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ইরাসমাস মুন্ডাস বৃত্তি সেশন এবং আইইএলটিএস ক্রাশ কোর্স ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় ক্যাম্পাসে একটি আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সহযোগিতা প্রয়োজন।
এছাড়া ফলাফলভিত্তিক শিক্ষাক্রমে শিক্ষানবিশি (ইন্টার্নশিপ) অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভালো কিছু অর্জনের জন্য একটি দক্ষতাই যথেষ্ট নয় বরং নিজেকে আরও যোগ্য করে তুলতে অতিরিক্ত দক্ষতা অর্জন করা প্রয়োজন।
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক প্রকৌশলী ড. সালমা আক্তার, অধ্যাপক ড. মাহবুবুল হাকিম ও অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইরাসমাস মুন্ডাস বৃত্তি ও আইইএলটিএসের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সাস্ট ক্যারিয়ার ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইরাসমাস মুন্ডাস বৃত্তি বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক এবং ইরাসমাস মুন্ডাস বৃত্তিপ্রাপ্ত মো. ইয়াসিন। তিনি বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং শক্তিশালী একাডেমিক জীবনবৃত্তান্ত ও মানসম্মত সুপারিশপত্র তৈরির বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে আইইএলটিএস ক্রাশ কোর্সের পরিচিতি পর্বে প্রশিক্ষক তাহিয়া তালবিয়া মিম রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং এ চারটি মডিউলের প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/মআস-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.