ছবিঃ সংগৃহীত ছবি।
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-৯) সহযোগিতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। তিনি মোংলা বন্দরে চাকরি করেন। ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে একই ভবনে বসবাস করতেন তিনি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে থানায় গিয়ে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই আসামি এলাকা ছেড়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে দাবি পুলিশের। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.