প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:১৭ (সোমবার)
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নে সরব চেয়ারম্যান প্রার্থীরা

ছবি: সিলেট ভিউ।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের নির্বাচনী মাঠ ইতোমধ্যে আলোচনায়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যমও।

 

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহমেদ জিলু। তিনি আগামী নির্বাচনে অংশ নিবেন কি না তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে তিনি এবার উপজেলা চেয়ারম্যান পদে লড়তে পারেন।

 

অন্যদিকে এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন- বিএনপি নেতা আব্দুল হক, জামাত মনোনীত প্রার্থী দুলাল আহমেদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সাজুল, যুবদল নেতা শেখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান।

 

এলাকা ভাগ ও বর্ধিত ইউনিয়ন হবার আগে ফজলুর রহমান ছিলেন ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান। এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারেন ইউপি সদস্য সাজ্জাদ আহমেদ।

 

এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহমেদ জিলু যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন তাহলে দুইটি বড় সমীকরণ সামলাতে হবে অন্যান্য প্রার্থীদের। এ ইউনিয়নের মানুষ তারুন্যের মধ্যে চেয়ারম্যান বেছে নিতে পারেন আর অন্যদিকে আহমেদ জিলু উপজেলা নির্বাচন করলেও সেটাও হবে অন্যান্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য মাথাব্যথার কারণ।

 

স্থানীরা জানান, উত্তর জনপদের ২টি ইউনিয়নে অন্য কোন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী না থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করতে পারেন আহমেদ জিলু।

 

উত্তর কুশিয়ারা ইউনিয়নের সাম্প্রতিক বড় সমস্যা মাদক। ভোটাররা জানান, মাদক নির্মূল, যাতায়াত ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা এই ৩টি কাজের উপযুক্তজন তারা বাছাই করবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-০৮