ছবি: সিলেটভিউ।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি দায়ে দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ নভেম্বর) শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় জেলা প্রশাসন এ অভিযান করে । এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।
অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি ও দোকানে বিজ্ঞাপনসংবলিত ব্যানার প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত পরিবেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.