প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ২১:১৯ (সোমবার)
সিলেটে দেড় কোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান চালক আটক

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় অবৈধ চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় এক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এই অভিযান চালায় জৈন্তাপুর থানা পুলিশ। 

 

পুলিশ জানায়, অভিযানের প্রথম পর্যায়ে ঢাকা মেট্রো-ন-২০-৯০৪১ নম্বরের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ভারতীয় অবৈধ শাড়ি ৮৬৪ পিস, ভারতীয় জিরা ১০০ বস্তায় মোট ৩ হাজার কেজি এবং ভারতীয় অবৈধ ছোট আকারের হারমনি সাবান ১৭ হাজার ২৮০ পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৮৮ হাজার টাকা, জিরার মূল্য ১০ লাখ টাকা এবং সাবানের মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা। পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে প্রথম গাড়ি থেকে জব্দ করা পণ্য ও যানবাহনের মূল্য দাঁড়ায় ৮২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।

 

অন্যদিকে, একই সময়ে ঢাকা মেট্রো-ন-২২-১২২০ নম্বরের একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ভারতীয় অবৈধ ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে ১৫০ মিলিলিটারের ৪০৩২ পিস এবং ভারতীয় অবৈধ একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এসব বডি স্প্রের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ২৮ হাজার ৮০০ টাকা এবং স্মার্টফোনটির মূল্য ২০ হাজার টাকা। এ কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। দ্বিতীয় গাড়ি থেকে জব্দ করা পণ্য ও যানবাহনের মোট মূল্য ৫৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

 

দুটি কাভার্ডভ্যানসহ জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা বলে জানায় পুলিশ। 

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯