প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ০০:০০ (সোমবার)
সিলেটে ধরা পড়ছে মা*দ*কে*র বড় চালান, গডফাদাররা অধরা

ছবি: এআই।

সিলেটে মাদকবিরোধী অভিযান চলছে। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। গ্রেফতার হচ্ছেন কিছু খুঁচরা ব্যবসায়ী ও ব্যবহারকারী। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মূল হোতারা। মাঠপর্যায়ে বাহক ও খুঁচরা বিক্রেতারা গ্রেফতার হলেও চালানমালিক, অর্থের জোগানদাতা ও নেপথ্যের নিয়ন্ত্রকদের শনাক্ত করা যাচ্ছে না।

 

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মোট ১ হাজার ৭৫৫টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই সংস্থার তথ্য অনুযায়ী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯৮০টি অভিযান চালিয়ে ২৬৫টি মামলা করেছে। গ্রেফতার করেছে ২২৯ জনকে। অন্যদিকে সিলেট মহানগর পুলিশ- এসএমপি ৭৭৫টি অভিযান চালিয়ে ৫১৪টি মামলা দায়ের করেছে। গ্রেফতার করেছে ৫৫৪ জনকে।

 

এত অভিযান ও গ্রেফতারের পরও মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের শনাক্ত করতে না পারায় সিলেটের সচেতন মহল প্রশ্ন তুলছেন- মাদক কারবারের নেপথ্যের নেটওয়ার্ক চালাচ্ছেন কারা?

 

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের জেলা উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, ‘গডফাদারদের গ্রেফতারের হার অত্যন্ত কম। তার মতে, মাদকের গডফাদারররা সাধারণত নিজেদের বাসাবাড়িতে মাদক রাখেন না। নিজেরাও মাদক বহন করেন না। নিরাপদ দূরত্বে থেকে কারবারিদের আশ্রয় ও অর্থের জোগান দেন।’

 

তিনি  বলেন, ‘মাদক কারবারিরা এখন অর্থ পাচারের কৌশল নিচ্ছেন। তাদের নজরদারিতে রাখা হচ্ছে। তবে কতজন অর্থদাতা শনাক্ত হয়েছেন কিংবা অর্থ পাচারের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।’

 

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের ১০ মাসের অভিযানে ১০ হাজার ৭৬০ পিস ইয়াবা, ৩৩ গ্রাম ইয়াবার গুঁড়া, ৩১ কেজি ১৯৮ গ্রাম গাঁজা, ৪০৮ লিটার চোলাই মদ, ১৮৩ বোতল বিদেশি মদ, ১৫ বোতল ও ১৫ ক্যান বিয়ার উদ্ধার হয়েছে। এছাড়া ৪ হাজার ৬৭০ লিটার ওয়াশ ও দেড় লিটার ফেয়ারডিল জব্দ করা হয়েছে। তবে তারা মোট কত টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, সেই হিসাব দিতে পারেনি।

 

অন্যদিকে এসএমপির অভিযানে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসের অভিযানে ৪২ হাজার ৩৮৬ পিস ইয়াবা, ৩ হাজার ২২৬ বোতল বিদেশি মদ, ৭৮৪ লিটার চোলাই মদ, ১৪২ কেজির বেশি গাঁজা এবং ৪ হাজার ৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কোডেন সিরাপ, ফেনসিডিল, ফেয়ারডিল, ইসকফ, কেরু মদ, অফিসার চয়েজ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে এসব চালানের মূল মালিক ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়েছে এসএমপি। মাদক কারবারে প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক আশ্রয়দাতার সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া যায়নি।


জনবল সংকটে অধিদপ্তর-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, সিলেটের ১৩টি উপজেলা ও এসএমপির ১৭টি থানার বিশাল এলাকায় মাত্র ১৯ জন জনবল নিয়ে তাঁদের কাজ করতে হচ্ছে। রয়েছে তীব্র গাড়িসংকট। অভিযানে গিয়ে অনেক সময় আক্রমণাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মাদক কারবারিদের কাছে অস্ত্র থাকলেও অধিদপ্তরের নিজস্ব কোনো অস্ত্র নেই।

 

এ ব্যাপারে সিলেট জেলা বারের আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন সিলেটভিউকে বলেন, ‘মাদকবিরোধী অভিযানের নামে শুধু বাহক ও খুচরা বিক্রেতাদের গ্রেফতার করে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। মাদকের মূল চালানমালিক, অর্থের জোগানদাতা ও নেপথ্যের গডফাদারদের চিহ্নিত করতে না পারলে এসব অভিযান  অর্থহীন হয়ে পড়বে। যাঁদের অর্থ ও পৃষ্ঠপোষকতায় মাদকের বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে, তাঁদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে তাঁদের সম্পদের উৎস ও আর্থিক লেনদেন তদন্ত করতে হবে।’

 

তিনি বলেন,  ‘মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং মূল হোতাদের সম্পদ ও অর্থের উৎস অনুসন্ধান নিশ্চিত করতে হবে। অন্যথায় বাহক গ্রেফতার হবে, নতুন বাহক তৈরি হবে, কিন্তু মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণকারীরা আড়ালেই থেকে যাবে।’

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘জব্দ করা মাদকের চালানগুলোর মূল মালিক, নেপথ্যের গডফাদার ও অর্থের জোগানদাতাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। নেপথ্যে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। জব্দ করা সব মাদক সংশ্লিষ্ট মামলার আলামত হিসেবে পুলিশের মালখানায় সংরক্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।’

 

এদিকে এসএমপির মিডিয়া শাখা জানিয়েছে, তারা গত ১০ মাসে প্রায় আড়াই কোটি টাকার মাদক জব্ধ করেছে। এর বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতেও প্রায় প্রতিদিন লাখ লাখ টাকার মাদকদ্রব্য ধরা পড়ছে বলে সূত্র নিশ্চিত করেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ মআস/ ইকে/ এহিয়া-১০