ছবি: সিলেটভিউ গ্রাফিক্স।
সিলেটে সোমবার (১৬ নভেম্বর) থেকে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।
ফলে সোমবার থেকে সিলেটে পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।
পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা।
বিষয়টি নিশ্চিত করে শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।
গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এ কর্মসূচির পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.