প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৭:৩০ (মঙ্গলবার)
একা পেয়ে শাহিনকে হত্যা, এসআরবির হাতে গ্রে ফ তা র ১

ছবি: সিলেট ভিউ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির সন্দেহে শাহিনকে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউপির জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার উমর আলী(৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিদারাবাদ এলাকার কাসুম আলীর ছেলে।

 

ঘটনার বিবরণ উল্লেখ করে এসআরবি জানায়, নিহত শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। এলাকার বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করাই ছিল তাঁর জীবিকার প্রধান অবলম্বন। এর আগে বিবাদীদের স’মিল থেকে গাছ কাটার একটি করাত চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিনকে সন্দেহ করে তাঁকে চোর আখ্যা দিয়ে গালিগালাজ করেন বিবাদীরা। এ নিয়ে শাহিন প্রতিবাদ করলে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন বিবাদীরা।

 

অভিযোগ অনুযায়ী, গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিজয়নগর থানার নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন বিবাদীদের স’মিলের সামনে শাহিনকে একা পেয়ে তাঁর পথরোধ করেন তাঁরা। পরে তাঁকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে লোহার রড, লোহার শাবল, দা ও কাঠের রুলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বিবাদীরাই তাঁকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাঁকে রাজধানীর রামপুরা এলাকার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫৩ মিনিটে শাহিন মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে।

 

এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউপির জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান পরিচালনা করে। এরসময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মামলা নং- ০৬, তাং-০৩/১১/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০; মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে গাছ কাটার করাত চুরির সন্দেহে শাহিনকে হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২