ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলায় আপস না করায় বাদীপক্ষকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। সর্বশেষ নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে ওই ঘটনায় হত্যা মামলার বাদী ও তাঁর স্বজনদের জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদীর স্ত্রী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হত্যা মামলার বাদী শাহজাহান আহমদের স্ত্রী তাসলিমা আক্তার শিফা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিফা বলেন, হত্যা মামলার আসামিরা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে তাঁদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। মামলা আপসে রাজি না হওয়ায় গত ১২ নভেম্বর গভীর রাতে আসামিপক্ষ নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে এ ঘটনায় তাঁর স্বামী, ভাইসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। অথচ ঘটনার রাতে তাঁর স্বামী ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে থাকলেও গত কয়েক মাস ধরে আদালতে হাজির হচ্ছেন না। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এ অবস্থায় আসামিপক্ষের ধারাবাহিক হুমকি ও নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে এ ধরনের হয়রানি ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাসলিমা আক্তার শিফা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলে তাঁদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ মে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আব্দুর রহিমের লোকজন তাঁদের জমিতে জোরপূর্বক মাটি কাটতে যান। এ সময় শাহজাহান আহমদের স্বামী ও দেবর বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দেবর জালাল আহমেদ গুরুতর আহত হন। হামলায় শিক্ষিকা রোজিনা বেগমও গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হলে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহত রোজিনা বেগমের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
সিলেটভিউ২৪ডটকম/ জয়নাল/ এহিয়া-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.