প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ০০:২০ (বুধবার)
সিলেটে বাড়ল পৌরসভার সংখ্যা

ছবি: এআই।

সিলেটে যুক্ত হচ্ছে নতুন আরেকটি পৌরসভা। পৌরসভার সংখ্যায় জৈন্তাপুরকে অন্তর্ভুক্ত করায় এখন পৌরসভা বেড়ে দাঁড়াল ছয়টিতে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে জৈন্তাপুর উপজেলাকে পৌরসভায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে জেলার স্থানীয় সরকার ব্যবস্থার পরিধি সম্প্রসারিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের জন্য আধুনিক ও উন্নত পৌরসেবা নিশ্চিত করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 

 

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় জৈন্তাপুর পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সভায় বগুড়া জেলার মোকামতলা পৌরসভা গঠন, নতুন দুটি থানা স্থাপন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

 

জৈন্তাপুরকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগের প্রক্রিয়া শুরু হয় আগেই। গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানানো হয়। পরবর্তী সময়ে ১৪ জুলাই এ-সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এরপর ১৫ অক্টোবর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে জৈন্তাপুর পৌরসভা গঠনের আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে।

 

চূড়ান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকাকে শহর এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

পৌরসভা গঠনের এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল ইসলাম চৌধুরীর ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট উদ্যোগের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলছেন, এ সিদ্ধান্ত জৈন্তাপুরের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

 

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠার ফলে এলাকার সড়ক যোগাযোগ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

উল্লেখ্য, জৈন্তাপুর যুক্ত হওয়ার আগে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা ছিল পাঁচটি। এগুলো হলো-কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার। নতুন পৌরসভা হিসেবে জৈন্তাপুর যুক্ত হওয়ায় জেলার পৌরসভার সংখ্যা এখন ছয়টি।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১