প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৮ (বৃহস্পতিবার)
সিলেটে ২৪ ঘন্টায় শনাক্ত ২০১, প্রাণ গেল আরও ২ জনের

ছবি: সংগৃহিত

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০১ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায়, মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

তাদের একজন সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকার জাকিরের মেয়ে সাজেদা বেগম। তার বয়স মাত্র ৭ মাস। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

অপরজনের মৌলভীবাজার সদরের প্রিদম বিশ্বাসের মেয়ে নিপা বিশ্বাস। সে রাগীব রাবেয়া মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বয়স মাত্র সাড়ে ৬ মাস।

 

এই দু’জনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২২০। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯২ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ২০১ জনের হাম শনাক্ত হয়েছে। তারাসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৬২৮ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৬৩ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৭৪৩ জন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৩, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪১, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৯ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৬১৬ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৫১১ ও বেসরকারি  হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১০৫ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫