প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৫:৩৯ (বুধবার)
আজমিরীগঞ্জে মাতৃত্বকালীন ভাতা আ ত্ম সা ৎ, ইউএনওর কাছে ৫ নারীর অভিযোগ

ছবিঃ ফাইল ছবি।

​দ্বিতীয় সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা অনিতা রানী দাস (২৮)। কিন্তু সেখানে গিয়ে তালিকায় নিজের নাম দেখে হতবাক তিনি। কোন আবেদন না করেই কিভবে আসল নিজের নাম সেটি খুঁজতে গিয়ে জানতে পারেন, ২০২৪ সাল থেকেই তার নামে নিয়মিত মাতৃত্বকালীন ভাতার টাকা আসছে এবং একটি নির্দিষ্ট বিকাশ নম্বরের মাধ্যমে সেই টাকা উত্তোলন করা হচ্ছে। 

 

​শুধু অনিতা রানী একা নন, তার মতো এমন প্রতারণার শিকার হয়েছেন শান্তা রানী দাস, শংকরী সূত্রধর, একা রানী সূত্রধর এবং সেরমিন আক্তার। 

 

কোনো ধরনের আবেদন ছাড়াই উদ্যোক্তা গৌতম রায়ের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র দাখিল করে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে  সম্প্রতি তাঁরা ৫ জন ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অনিতা রানী জানান, মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে গিয়ে তার নামে ভাতা আসার বিষয়টি জানতে পারেন তিনি। অথচ আগে কখনোই তিনি এর আবেদন করেননি।

 

​আরেক ভুক্তভোগী শান্তা রানী দাস জানান, তিনিও কখনো ভাতার জন্য আবেদন করেননি। কিন্তু সন্তান জন্মের পর আবেদন করতে গিয়ে জানতে পারেন, দীর্ঘদিন ধরে তার ভাতার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করছেন ওই উদ্যোক্তা। 


​অনুসন্ধানে জানা যায়, কয়েকটি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিতভাবে ভাতাভোগীদের টাকা উত্তোলন করা হচ্ছে। যার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের  বিরাট গ্রামের পিয়ারা আক্তার নামের এক নারীর জাতীয় পরিচয়পত্র ও নাম ব্যবহার করে খোলা একটি বিকাশ অ্যাকাউন্টে নিয়মিত ভাতার টাকা ঢুকছে। 


পিয়ারা আক্তার জানান, কয়েক বছর আগে পৌরসভার উদ্যোক্তা গৌতম রায়ের অফিসে গিয়ে সিমসহ তার মোবাইল ফোনটি হারিয়ে যায় এবং এরপর থেকে তিনি আর ওই নম্বরটি ব্যবহার করেননি। 


ভুক্তভোগীদের ধারণা, হারিয়ে যাওয়া সেই সিমকার্ডটি ব্যবহার করেই এই জালিয়াতি চালানো হচ্ছে।
​ভুক্তভোগী পরিবারগুলোর জোরালো দাবি, দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে অসহায় নারীদের মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাৎকারী এই উদ্যোক্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং আত্মসাৎকৃত সমুদয় টাকা ফেরত দেওয়া হোক।


​তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত উদ্যোক্তা গৌতম রায়। তিনি দাবি করেন, তিনি কেবল ভাতাভোগীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। যাচাই-বাছাই শেষে ভাতা অনুমোদন ও প্রদান করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের কোনো প্রতারণার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।


তবে যারা আবেদনই করেননি তাদের নামে কিভাবে আবেদন হলো সেই বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো.জসিম উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 


উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  তৌহিদুল ইসলাম সৌরভ জানান, বর্তমানে সরকারি একটি  উন্নয়নমুলক প্রকল্পের কাজে আমাদের খুব ব্যস্ত সময় পার করতে হচ্ছে। একটু ফ্রি হলেই তদন্তের কাজ করা হবে৷ 


​এ বিষয়ে হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার বলেন, 'জনবল সংকটের কারণে হয়তো মাঠপর্যায়ে সঠিকভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি, যে কারণে কয়েকজন নারী প্রতারণার শিকার হয়েছেন বলে জানতে পেরেছি। উপজেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/আশিক-০১