হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদল আহবায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মোতালিব মমরাজ ও বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন- শহরের চাঁদের হাসি হাসপাতালের ডাঃ মোঃ সোলাইমান মিয়া ও মেডিকেল এসিস্ট্যান্ড আল আমিনের অপচিকিৎসায় মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারিরা। তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগণের।
বক্তারা বলেন, অবিলম্বে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হয় তা হলে সাধারণ জনগণকে সঙ্গে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গত ২৪ আগস্ট শহরের চাদের হাসি হসপিটালে অপচিকিৎসায় মৃত্যু হয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.