ছবি: সিলেটভিউ
সিলেটবাসীকে কি খাওয়াচ্ছে তথাকথিত অভিজাত কফির দোকানগুলো? উন্মাদের মতো আমরাইবা চাকচিক্যের আড়ালে কি গিলছি? তারা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বিক্রি করছে। সিলেটের তেমন দুই অভিজাত কফি হাউসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর নয়া সড়ক এলাকায় অবিস্থত অভিজাত কফি হাউস হিসাবে পরিচিত ‘সিপ কফি’ ও ‘কফি এক্সপ্রেস’ নামক দুটি প্রতিষ্ঠানে চড়া দামে কফিসহ অনুমোদনহীন বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।
এ অবস্থায় মঙ্গলবার এসব দোকানে অভিযান চালান ভোক্তা কর্মকর্তারা। তারা অভিযানকালে অনুমোদনহীন সস, রঙ এবং কফি রাখার প্রমাণ পেয়েছেন। এমনকি পোড়া তেল ব্যবহার এবং সংরক্ষণেরও প্রমাণ পান তারা । এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করা হলেও সঠিক কোনো জবাব পাননি।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টিকারী পণ্য বিক্রির অপরাধে তারা সিপ কফিকে ৪০ ও কফি এক্সপ্রেসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টিকে নিশ্চিত করে জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্যের বিষয়টি নিশ্চিত করতে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে ভোক্তা কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশের একদল সদস্য।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.