প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:০৭ (বুধবার)
ডায়াবেটিস রোগীদের জন্য আলু ভালো নাকি খারাপ?

আলু আমাদের প্রতিদিনের খাবারের পরিচিত একটি উপাদান। ভর্তা, ভাজি, তরকারি কিংবা সেদ্ধ, নানা উপায়েই এটি খাওয়া হয়। তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই রক্তে শর্করা বেড়ে যাওয়ার আশঙ্কায় আলু এড়িয়ে চলেন। সত্যিই কি ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা থেকে আলু পুরোপুরি বাদ দিতে হবে? নাকি সঠিক পরিমাণ ও রান্নার পদ্ধতি মেনে এটি খাওয়া সম্ভব?

এ বিষয়ে পুষ্টিবিদ অমিতা গাদরে তার ইনস্টাগ্রাম পোস্টে ব্যাখ্যা দিয়েছেন। তার বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি ফুড।

আলু খেলে কি রক্তে শর্করা বাড়ে?

আলুতে জটিল কার্বোহাইড্রেট থাকলেও এর প্রধান উপাদান স্টার্চ। পুষ্টিবিদ অমিতা গাদরের ব্যাখ্যা অনুযায়ী, আলুর স্টার্চ দ্রুত হজম হয়। ফলে আলু খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

কোন রঙের ডিমলাইট ঘুমের জন্য সহায়ক?
আলু সেদ্ধ, আধা সেদ্ধ, ভাজা কিংবা অন্য যে কোনোভাবে রান্না করলেও এর স্টার্চ দ্রুত ভেঙে যায়। এ কারণে ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া এড়িয়ে চলা অথবা পরিমাণ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

আলু রান্নার কোন পদ্ধতি ভালো?

আলু খেতে চাইলে রান্নার পদ্ধতির দিকে নজর দেওয়া জরুরি। পুষ্টিবিদ অমিতা গাদরের মতে, আলু বেক, রোস্ট, আধা সেদ্ধ বা সেদ্ধ করে খাওয়া তুলনামূলক ভালো। এসব পদ্ধতিতে আলুর পুষ্টি উপাদান বজায় থাকে এবং বাড়তি অস্বাস্থ্যকর চর্বি যোগ করার প্রয়োজন হয় না।

তবে স্বাস্থ্যকর পদ্ধতিতে রান্না করলেই আলু খেলে রক্তে শর্করা বাড়বে না, এমন নয়। কারণ রান্নার পদ্ধতি পরিবর্তন হলেও আলুর স্টার্চের মৌলিক বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। তাই রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়া এড়াতে আলুর সঙ্গে শাকসবজি অথবা প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ।

ডায়াবেটিসে কোন ধরনের আলু তুলনামূলক ভালো?

বাজারে বিভিন্ন জাতের আলু পাওয়া যায়। তবে সব ধরনের আলুর পুষ্টিগত বৈশিষ্ট্য এক নয়। এনডিটিভি ফুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি আলু এবং ক্যারিসমা ও নিকোলার মতো ওয়াক্সি আলু তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এসব আলুর গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই তুলনামূলক কম। পাশাপাশি রাসেটের মতো সাদা আলুর তুলনায় এগুলোতে স্টার্চের পরিমাণও কম। এ কারণে আলুর ধরন নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইনসুলিন প্রতিরোধের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন

ইনসুলিন প্রতিরোধের ক্ষেত্রে আলু খাওয়ার উপযোগিতা বাড়াতে রান্নার পদ্ধতি ও খাবারের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন পুষ্টিবিদ অমিতা গাদরে। এ ক্ষেত্রে আলু ভাজার পরিবর্তে বেক, সেদ্ধ বা রোস্ট করে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া আলুর সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার বা শাকসবজি খেলে কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে। পাশাপাশি আলু অল্প পরিমাণে খাওয়া এবং স্বাদ বাড়াতে ভেষজ উপাদান ও মসলা ব্যবহারের কথাও বলা হয়েছে।

তাহলে আলু পুরোপুরি বাদ দিতে হবে?

ডায়াবেটিস থাকলেই আলু একেবারে বাদ দিতে হবে, বিষয়টি এমন নয়। তবে আলুর ধরন, খাওয়ার পরিমাণ এবং রান্নার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা জরুরি। পুষ্টিবিদ অমিতা গাদরের পরামর্শ অনুযায়ী, আলু খেতে চাইলে তুলনামূলক উপযোগী জাত বেছে নেওয়া, পরিমিত খাওয়া এবং ভাজার পরিবর্তে সেদ্ধ, বেক বা রোস্ট করার মতো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য আলু ভালো না খারাপ, তা নির্ভর করে কোন ধরনের আলু, কতটা পরিমাণে এবং কীভাবে খাওয়া হচ্ছে তার ওপর।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬