প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ০০:০০ (বুধবার)
বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে যে ৬ বিষয়ে সতর্ক থাকবেন

উন্নত চিকিৎসা, তুলনামূলক কম খরচ কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অনেকেই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেন। তবে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি চিকিৎসার খরচ, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য বিষয় ভালোভাবে খতিয়ে দেখা জরুরি।
 

সামান্য অসতর্কতায় চিকিৎসার নামে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক ক্ষতিও হতে পারে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে ছয়টি সতর্কসংকেতের কথা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন মেডিক্যাল ট্যুরিজম প্রতিষ্ঠান কিউর মি অ্যাব্রডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিত্য ওজা।
 

১. চিকিৎসায় নিশ্চিত ফলাফলের প্রতিশ্রুতি

কোনো চিকিৎসা বা অস্ত্রোপচারের ফলাফল শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কারণ, রোগীর শারীরিক অবস্থা, রোগের ধরন ও চিকিৎসার প্রতিক্রিয়া অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে। তাই চিকিৎসার আগে রোগীর ইতিহাস বা শারীরিক অবস্থা না জেনেই নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা দিলে সতর্ক হওয়া উচিত। বিশ্বাসযোগ্য চিকিৎসক বা হাসপাতাল চিকিৎসার সম্ভাব্য ফলাফল, ঝুঁকি ও সীমাবদ্ধতা সম্পর্কে আগেই জানিয়ে দেবেন।
 

২. অস্বাভাবিক কম খরচের প্রস্তাব

বিদেশে চিকিৎসার জন্য কোনো প্রতিষ্ঠান অস্বাভাবিক কম খরচের প্রস্তাব দিলে শুরুতেই আকৃষ্ট হওয়া ঠিক নয়।


প্রাথমিক খরচের হিসাবের বাইরে চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ, থাকা-খাওয়া, পরবর্তী চিকিৎসা কিংবা জটিলতা দেখা দিলে অতিরিক্ত ব্যয় যুক্ত হতে পারে। তাই বুকিং বা অর্থ পরিশোধের আগে চিকিৎসার সব খরচের বিস্তারিত লিখিত হিসাব চেয়ে নিন।
 

৩. হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাই না করা

বিদেশে চিকিৎসার জন্য হাসপাতাল নির্বাচনের আগে সেটির স্বীকৃতি ও অনুমোদন যাচাই করা জরুরি। এ ক্ষেত্রে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) বা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্সের (এনএবিএইচ) মতো স্বীকৃত প্রতিষ্ঠানের সনদ আছে কি না, তা দেখা যেতে পারে।

একইভাবে চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিবন্ধন ও অভিজ্ঞতাও স্বাধীনভাবে যাচাই করা উচিত।

শুধু কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারীর দেওয়া তথ্যের ওপর নির্ভর করা ঠিক নয়।
 

৪. মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সনদ না থাকা

বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেয় এমন প্রতিষ্ঠান বা এজেন্টের বিশ্বাসযোগ্যতাও যাচাই করতে হবে। অনেক রোগী হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা যাচাই করলেও যারা চিকিৎসার পুরো আয়োজন করছেন, তাদের পরিচয় ও সনদ সম্পর্কে খোঁজ নেন না।

এ ধরনের প্রতিষ্ঠানের গ্লোবাল হেলথকেয়ার অ্যাক্রেডিটেশনের (জিএইচএ) মতো স্বীকৃত সনদ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা যেতে পারে। বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তাদের সনদ, হাসপাতালের সঙ্গে কাজের সম্পর্ক এবং সেবার ধরন সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে আগ্রহী থাকবে।
 

৫. দ্রুত টাকা জমা দেওয়ার চাপ

কোনো প্রতিষ্ঠান যদি সীমিত সময়ের বিশেষ ছাড় বা বুকিংয়ের সুযোগ দেখিয়ে দ্রুত টাকা জমা দিতে চাপ দেয়, তাহলে সতর্ক হোন। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বা সহজে শনাক্ত করা যায় না এমন মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধও সন্দেহের কারণ হতে পারে।

অর্থ পরিশোধের আগে প্রতিষ্ঠানের পরিচয় ও ব্যাংক হিসাব যাচাই করুন। লেনদেনের জন্য নির্ভরযোগ্য মাধ্যম ব্যবহার করুন এবং প্রতিটি অর্থ পরিশোধের আনুষ্ঠানিক রসিদ সংগ্রহ করুন। বাতিলের নিয়ম ও টাকা ফেরতের শর্তও লিখিতভাবে জেনে নিন।
 

৬. চিকিৎসকের মূল্যায়ন ছাড়াই খরচের হিসাব দেওয়া

রোগীর চিকিৎসার ইতিহাস, পরীক্ষার প্রতিবেদন ও চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে চিকিৎসার পরিকল্পনা এবং খরচ নির্ধারণ করা উচিত। শুধু অনলাইন ফরম পূরণ করেই যদি কোনো প্রতিষ্ঠান চিকিৎসার পরামর্শ ও খরচের হিসাব দেয়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর কোনো জটিলতা দেখা দিলে কী ধরনের সহায়তা পাওয়া যাবে, সেটিও আগে জেনে নিতে হবে। পরবর্তী চিকিৎসার দায়িত্ব কে নেবে এবং হাসপাতাল বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কীভাবে সহযোগিতা করবে, তা পরিষ্কার করে নেওয়া জরুরি।

 
সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন

আদিত্য ওজার পরামর্শ, বিদেশে চিকিৎসার বুকিং বা ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করার আগে তাড়াহুড়া না করে সব তথ্য যাচাই করা উচিত। হাসপাতাল ও চিকিৎসকের যোগ্যতা নিজে যাচাই করতে হবে, চিকিৎসার সব খরচ ও শর্ত লিখিতভাবে নিতে হবে এবং সম্ভব হলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।

এ ছাড়া চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া প্রতিষ্ঠান কীভাবে আয় করে এবং হাসপাতালের সঙ্গে তাদের কোনো বাণিজ্যিক চুক্তি রয়েছে কি না, সেটিও জেনে নেওয়া ভালো। এসব বিষয়ে স্বচ্ছতা থাকলে রোগীর পক্ষে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭