ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে দলটি। বিপরীতে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী নির্ধারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান না থাকায় স্থানীয় নির্বাচনী মাঠে জামায়াতের প্রার্থীরা আলোচনায় রয়েছেন।
সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- ১নম্বর সদর ইউনিয়নে ফারদিন আহমেদ লিমন, ২নম্বর মাইজগাঁও ইউনিয়নে এমরান আহমেদ চৌধুরী, ৩নম্বর ঘিলাছড়া ইউনিয়নে রুকনুজ্জামান চৌধুরী এবং ৪নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে দুলাল আহমেদ।
তবে; ৫নম্বর ইউনিয়নে এখনো চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। এ ইউনিয়নেও শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির এমরান আহমেদ চৌধুরী।
চারটি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে এমরান আহমেদ চৌধুরী জানান, বাকি ইউনিয়নেও প্রার্থী নির্ধারণের কাজ চলছে। শিগগিরই ৫নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।
এদিকে, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ফলে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে জামায়াত এগিয়ে থাকলেও অন্যান্য দলের অবস্থান কী হয়, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও বিএনপির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী মাঠ এখনো অনেকটা নীরব।
সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.