ছবিঃ সিলেট ভিউ।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে সিলেটে টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে সিলেটের ভেন্যু ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন তারা।
সিলেটে মাঠের পাশাপাশি আউটডোর ও ইনডোর অনুশীলন সুবিধা, ড্রেসিংরুমসহ সার্বিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি টিম হোটেল পরিদর্শন ও সিলেট মহানগর পুলিশের সাথে বৈঠক করেন তারা। আসন্ন সিরিজে ইংল্যান্ড দলের অনুশীলন ও ম্যাচ আয়োজনের উপযোগিতা যাচাইয়ের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করেন তারা।
তিন সদস্যের ইসিবি প্রতিনিধি দলটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও তাদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান অনি।
তিনি বলেন, ‘তারা মূল স্টেডিয়াম, আউটার মাঠ, অনুশীলন সুবিধা, ইনডোর ও জিমসহ সবকিছু ঘুরে দেখেছে। সব মিলিয়ে জায়গাটি তাদের খুব পছন্দ হয়েছে। তাদের প্রত্যাশা, এখানকার পরিবেশ ও সুযোগ-সুবিধা খেলোয়াড়রা দারুণ উপভোগ করবে।’
সিলেটের সৌন্দর্য ও সুযোগ-সুবিধা ইংল্যান্ডের দর্শকদেরও আকৃষ্ট করবে বলে মনে করছে প্রতিনিধিদল। বিসিবির কর্মকর্তা অনি আরও বলেন, ‘ইংল্যান্ডের অনেক দর্শক এখনো সিলেটের এই ভেন্যু সম্পর্কে জানেন না। তারা যখন এখানকার সৌন্দর্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন, তখন নিশ্চয়ই আগ্রহী হবেন। সেখান থেকে অনেক দর্শক বাংলাদেশ সফরে আসবেন বলেও তারা আশা করছেন। সব মিলিয়ে তারা খুবই সন্তুষ্ট। সিলেটে প্রথমবার এসে তাদের প্রতিক্রিয়া ছিল দারুণ ইতিবাচক।’
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.