ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
কানাডায় স্থায়ী বসবাসের (পিআর) অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটি। এর মধ্যে ১ লাখ সুযোগ রাখা হয়েছে কানাডায় কর্মরত অভিবাসী ও তাঁদের পরিবারের জন্য। বাকি ১ লাখ দেওয়া হবে মানবিক ও পারিবারিক বিবেচনায় থাকা আবেদনকারীদের।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ উদ্যোগের কথা বলা হয়েছে। বিশেষ এ কর্মসূচি শুধু ২০২৭ সালের জন্য নির্ধারিত। এটি নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ অভিবাসী এবং তাঁদের পরিবারের যোগ্য সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।
বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মী এবং কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ সুযোগ পেতে পারেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।
দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচিতে অপেক্ষমাণ আবেদনকারীরা, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারীরা, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যাঁদের আবেদন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানেরা।
সরকারের পরিকল্পনায় হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।
প্রসঙ্গত, ২০২৭ সালে কানাডার নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাস ও কাজ করছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন-এমন অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।
তবে এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। একইভাবে সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকেই আবেদন করেছেন অথবা ঘোষিত যোগ্যতার আওতায় রয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের নতুন করে আলাদা আবেদন করতে হবে না; সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাঁদের আবেদন বিবেচনা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.