প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২৩:০০ (বুধবার)
সিলেটের যে উপজেলায় শিক্ষকের শতাধিক পদ শূন্য

ছবি: সিলেট ভিউ।

‎শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও নেই প্রয়োজনীয় শিক্ষক। বছরের পর বছর শূন্য পড়ে আছে গুরুত্বপূর্ণ পদ। কোথাও প্রধান শিক্ষক নেই কোথাও বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদানের লোকবল।

 

শিক্ষক সংকটের এমন চাপে বিয়ানীবাজারের মাধ্যমিক শিক্ষাব্যবস্থা কার্যত হিমশিম খাচ্ছে। ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান বাড়ছে শিক্ষার্থীদের শিখন ঘাটতি। একজন শিক্ষককে সামলাতে হচ্ছে একাধিক শ্রেণির পাঠদান।

‎
সূত্র জানায়, বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে ১৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ১২টিতে সহকারী প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।

 

‎উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই। বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর চিত্র আরও উদ্বেগজনক। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অনেক প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
‎‎


‎উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুর রহমান জানান, উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৮টিতে প্রধান শিক্ষক ও ১২টিতে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সাধারণ শিক্ষকদের শূন্য পদের পূর্ণাঙ্গ হিসাব বিদ্যালয়ভিত্তিক হওয়ায় তাৎক্ষণিকভাবে মোট সংখ্যা জানানো সম্ভব নয়।


‎
‎উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, শিক্ষক সংকট দীর্ঘদিনের। ধাপে ধাপে এ সংকট নিরসনে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে আশা করছি। দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়া এবং নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ তামিম/ এহিয়া-০৫