প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০০:২০ (বুধবার)
সিলেটের যে দুই উপজেলায় হচ্ছে ১১ সেতু

ছবি: এআই।

সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন উপজেলার জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণ করা হবে আরও ১১টি সেতু। 

 

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর সোয়া ১টায় শেষ হয়।

 

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক বার্তায় এসব তথ্য জানান।

 

মন্ত্রী জানান, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৮টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দুই উপজেলার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের তিন উপজেলার জন্য মোট ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলায় ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুর উপজেলায় ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

এদিকে তিন উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার আরও উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দের উদ্যোগও এগিয়ে চলছে। মন্ত্রী জানান, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ইতিমধ্যে মোট ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে তিন উপজেলার সড়ক যোগাযোগ, গ্রামীণ অর্থনীতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করছেন উপজেলাবাসী।

 

সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন পাওয়ায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির বিকাশে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

 

স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা সহজ ও উন্নত হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯