ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদ মাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন। মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হন তিনি। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/মআস-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.