ছবি: সিলেটভিউ গ্রাফিক্স /এআই
সিলেট বিভাগের চার জেলার ৩১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার ৯২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সিলেট জেলার উপজেলাগুলোকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।
প্রথম ধাপে ভোট হবে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায়। দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভোটগ্রহণ হবে। তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ এবং চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম ও শেষ ধাপে ভোট হবে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায়। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।
এদিকে সুনামগঞ্জ জেলার ১১টি, মৌলভীবাজারের সাতটি এবং হবিগঞ্জের নয়টি উপজেলাকেও পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।
সুনামগঞ্জে প্রথম ধাপে সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর; দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা; তৃতীয় ধাপে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং চতুর্থ ধাপে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় ভোট হবে।
মৌলভীবাজারে প্রথম ধাপে বড়লেখা ও জুড়ী, দ্বিতীয় ধাপে সদর, তৃতীয় ধাপে রাজনগর, চতুর্থ ধাপে কুলাউড়া ও শ্রীমঙ্গল এবং পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
হবিগঞ্জে প্রথম ধাপে সদর, লাখাই ও মাধবপুর; দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ ও বানিয়াচং; তৃতীয় ধাপে নবীগঞ্জ ও বাহুবল এবং চতুর্থ ধাপে চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৪তম সভায় ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করা হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.