ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শাবিপ্রবি পরিবারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এটিকে সরকারের দুর্বলতা ভাবার সুযোগ নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নিতে জানে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ ছাড়া শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মআস-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.