ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ। নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গন, চায়ের আড্ডা ও সাধারণ মানুষের আলোচনায় উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নাম। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঘিরে শুরু হয়েছে অভ্যন্তরীণ প্রচারণা।
উপজেলার ১নম্বর সদর, ২নম্বর মাইজগাঁও ও ৩নম্বর ঘিলাছড়া ইউনিয়নে কারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কোনো কোনো ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার কোথাও চেয়ারম্যান পদ শূন্য থাকায় নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১নম্বর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তয়ফুর রহমান শাহিন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। এদিকে এ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন-অ্যাডভোকেট মহসিন মিয়া ও জামায়াত মনোনীত ফারদিন আহমেদ লিমন। তাঁদের ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে রাজনৈতিক পরিস্থিতিতে আরও পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২নম্বর মাইজগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জুবেদ আহমেদ চৌধুরী শিপু আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে এ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন-জামায়াতের আমির এমরান আহমেদ চৌধুরী, বিএনপি নেতা নুরুল ইসলাম বাসিত, বিএনপি নেতা রেদওয়ানুল করিম চৌধুরী এবং যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন।
একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় থাকায় এ ইউনিয়নে নির্বাচনী সমীকরণ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
৩নম্বর ঘিলাছড়া ইউনিয়ন উপজেলার পর্যটন এলাকা হিসেবে পরিচিত। এই ৩নম্বর ঘিলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে। চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা অব্যাহতি নেওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। এ ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াত মনোনীত রুকনুজ্জামান চৌধুরী এবং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কয়সর আহমেদ। স্থানীয় পর্যায়ে তাঁদের নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে পর্যটনসমৃদ্ধ এ ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও স্থানীয় সমস্যার সমাধান আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
মাইজগাঁও ইউনিয়নের সোহাগ নামের একজন ভোটার বলেন, ‘আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি নির্বাচনের সময় নয়, সারা বছর সাধারণ মানুষের পাশে থাকবেন। এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করবেন। ব্যক্তিগত পরিচয় বা দলীয় বিবেচনার চেয়ে একজন যোগ্য ও জনবান্ধব মানুষকেই আমরা নির্বাচিত করতে চাই।’
তোফায়েল নামের এক যুবক বলেন, ‘নির্বাচনে অনেকেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আমাদের প্রত্যাশা, যিনিই নির্বাচিত হবেন, তিনি যেন জনগণের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেন। আমরা প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজ দেখতে চাই।’
এদিকে এলাকার উন্নয়ন ও যোগ্য নেতৃত্ব চেয়ে ভোটাররা জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি যোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার প্রত্যাশা সাধারণ ভোটারদের। ইউনিয়নের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেতৃত্বই চান তাঁরা।
সব মিলিয়ে ফেঞ্চুগঞ্জের তিন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে শেষ পর্যন্ত কারা নির্বাচনে অংশ নেবেন, কারা দলীয় সমর্থন বা মনোনয়ন পাবেন এবং ভোটারদের কাছে কারা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবেন, তা সময়ের সাথে সাথে স্পষ্ট হবে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে তিন ইউনিয়নের নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.