প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ০১:২০ (শুক্রবার)
বাজার থেকে বাড়ি ফেরা হল না সিলেটের যুবকের

ছবি: ফাইল ছবি।

সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শামসুদ্দিন সাদ্দাম (নাম)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের হবিবপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন সাদ্দাম। পথে পৌর শহরের হবিবপুর মাদ্রাসা পয়েন্টে পৌঁছালে সিলেট থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়।

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৫