প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ০০:১০ (শুক্রবার)
আবারও মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অ গ্নি সং যো গে র চেষ্টা

ছবি: সিলেট ভিউ।

এবার মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে থাকা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় ইউপি সদস্য মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা যায়, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।

 

গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তবে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

এদিকে, অগ্নিসংযোগের এই ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকেই একটি বিশেষ গোষ্ঠী বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দিনভর নানাভাবে তৎপরতা চালিয়েছে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এসব দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ কিন্তু তাদের ঘরেও পৌঁছাতে পারে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে  শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। তবে; বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ সাইফুল/ এহিয়া-১৬