ছবি: সিলেট ভিউ।
বর্ণাঢ্য আয়োজন, সম্মাননা প্রদান ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৭তম ব্রিটিশ বাংলাদেশি ‘হু’জ হু’ প্রকাশনা উৎসব ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উত্তর যুক্তরাজ্যের অভিজাত মেরিডিয়ান গ্র্যান্ড হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার ব্রিটিশ বাংলাদেশিরা অংশ নেন।
রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবী ও কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানে রাজনীতি, ব্যবসা, আইন পেশা, সমাজসেবা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়।
এবারের সম্মাননাপ্রাপ্তরা হলেন- নিউহ্যাম কাউন্সিলের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন, বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য কয়সর এম আহমদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুহুল আমিন ওবিই, ড. রফিকুল হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ হোসেন টিপু, আইনজীবী মনিরা কে হোসাইন এবং সফল উদ্যোক্তা মোহাম্মদ রজিউর রহমান মর্তুজা। কয়সর এম আহমদ এমপির পক্ষে তাঁর ভাই সায়েক এম রহমান সম্মাননা গ্রহণ করেন।
ব্যারিস্টার আনোয়ার বাবুল ও ব্যারিস্টার নাদিয়া আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্রিটিশ পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক এমপি নাইজেল ইভান্স, সাবেক এমপি কিথ বেস্ট, হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা উদ্দিন, চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, ব্যারিস্টার আনিস রহমান, মেরিডিয়ান গ্র্যান্ডের পরিচালক নিকিতা মালানচান্দানি, ‘হু’জ হু’ প্রকাশনার সম্পাদক ও অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি এবং নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রিটিশ বাংলাদেশি ‘হু’জ হু’ প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। এ পর্বে অংশ নেন সাবেক এমপি নাইজেল ইভান্স ও কিথ বেস্ট, ব্যারোনেস পলা উদ্দিন, চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, প্রকাশনার সম্পাদক আব্দুল করিম গনি, সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ, নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ ও হাফসা ইসলাম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডনের মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মুস্তাক আহমেদ, বিচারক স্বপ্নারা খাতুন, কাউন্সিলর আব্দুল কাদির, জি১০ প্রিন্টার্সের পরিচালক জরিদ মিয়া, এপেক্স অ্যাকাউন্ট্যান্সির মোহাম্মদ তারেক মাহমুদ, অ্যামেজ মিডিয়ার পরিচালক মোহাম্মদ আলী, স্কয়ার মাইল ইন্স্যুরেন্সের জ্যান নাইট, হট টাব স্টোরস ইউকের পরিচালক হানিন সাদি, এনার্জি সলিউশনের আব্দুল্লাহ শোয়াইব, এসিসি ট্যাক্সের পরিচালক তপন শাহ, সালাম প্যালেসের স্বত্বাধিকারী আব্দুস সালাম শেখ এবং জাইমাহ চ্যারিটির জান চৌধুরীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী বন্যা তালুকদার ও সাদমান সাজিদ খান। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা অতিথিদের বাড়তি আনন্দ দেয়। এদিকে অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে বাংলাদেশে যাওয়া-আসার বিমান টিকিট বিজয়ী হন সাংবাদিক হাসনাত চৌধুরী। র্যাফেল ড্র পর্বে অংশ নেন আব্দুল্লাহ শোয়াইব।
সমাপনী বক্তব্যে ‘হু’জ হু’ প্রকাশনার সম্পাদক ও অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিবর্গ, পৃষ্ঠপোষক ও আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন, সাফল্য ও সমাজে অবদান তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার ক্ষেত্র তৈরিতে ‘হু’জ হু’ প্রকাশনার এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/ এহসানুল/ এহিয়া-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.