দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হেরে গেছে বাংলাদেশ। আর এদিকে একের পর এক শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পেসার ইবাদত হোসেনের পর এবার আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ফর্মের তুঙ্গে থাকা তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি এক বিবৃতিতে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করে। আর্থিক জরিমানার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। অবশ্য গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পেয়েছেন হৃদয়। যে আচরণে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি এই ধারার আওতাভুক্ত।
ঘটনাটি খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিৎ ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন তিনি।
নিজের অপরাধ অবশ্য মেনে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে একই টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পান পেসার ইবাদত হোসেন চৌধুরীও। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারেন ইবাদত। তখন ব্যাটার নিরাপদে নিজের ক্রিজেই অবস্থান করছিলেন।
ইবাদতের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারার বিষয়টি এই ধারার আওতাভুক্ত। এটি লেভেল ওয়ান অপরাধ হিসেবে বিবেচিত। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তার নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.