প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৯:৩০ (শনিবার)
জাফলংয়ে অভিযানে যা ধ্বংস করল প্রশাসন

ছবি: সংগৃহিত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় গ্রাম ও জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

 

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান দেয় জেলা প্রশাসন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক বিকল করার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার ফাহিম ইবনে ইদ্রিছ বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৮