ছবি: ফাইল ছবি।
দেশের খ্যাতিমান চক্ষুচিকিৎসক, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।
বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বরেণ্য এই চিকিৎসক। চক্ষু চিকিৎসা ও চিকিৎসাশিক্ষায় দীর্ঘদিনের কর্মময় জীবনে তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। একজন দক্ষ চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে সিলেটসহ দেশের চিকিৎসাঙ্গনে তাঁর পরিচিতি ও সুনাম ছিল ব্যাপক। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর শাহজালাল (রহ.) উপশহরের এ ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর জন্ম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর গুণগ্রাহী ও পরিচিতজনেরা।
সিলেটভিউ২৪ডটকম/ মাহবুব/ এহিয়া-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.