সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে ১২ লাখ টাকা গ্রহণ এবং পরবর্তী সময়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সিলেটের দুই ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালতে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আব্দুল কাদির (৪০) ও আশরাফ আলী (৩৮) নামের দুই ব্যক্তিকে। তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার জগতপুর এলাকায়।
অভিযোগপত্রের অনুযায়ী, বাদী শারমিন আক্তারের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলায়। বর্তমানে তিনি সিলেটের শাহপরান থানাধীন বালুচর এলাকার একটি বাসায় বসবাস করেন।বাদীর অভিযোগ, প্রথম অভিযুক্ত আব্দুল কাদির বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসের ভিত্তিতে লন্ডন যাওয়ার বিভিন্ন খরচের কথা বলে বাদীর কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ১২ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে প্রথম অভিযুক্ত বাদীকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় আসা-যাওয়া শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন।
বাদীর দাবি, সম্প্রতি অভিযুক্তদের কাছে লন্ডনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বিভিন্ন কথাবার্তা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। তাগাদা দিলে অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, প্রথম অভিযুক্ত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাদীকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি বাদীর দাবি, অভিযুক্তরা তার ব্যক্তিগত ছবি ও ভিডিও অন্যদের মোবাইল ফোনেও পাঠিয়েছেন।
দ্বিতীয় অভিযুক্ত আশরাফ আলীর বিরুদ্ধেও সহযোগিতা ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। বাদীর ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় অভিযুক্তের সহযোগিতায় তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের পক্ষ থেকে বাদীকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এরমধ্যে ব্যক্তিগত ছবি ফেসবুকে ভাইরাল করার কথা বলা। তার পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের ভয় দেখানোর অভিযোগ রয়েছে।
বাদীর দাবি, অভিযুক্তদের এমন আচরণে তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। ব্যক্তিগত গোপনীয়তা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে ঘটনার বিষয়ে কয়েকজন সাক্ষীর নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অভিযোগপত্রে সাক্ষীদের বক্তব্য ও সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরের তথ্যও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে ঘটনার তারিখ হিসেবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ এবং পরবর্তী ঘটনা হিসেবে ১ মার্চ ২০২৬ উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন বাদী।
এ ঘটনায় আদালতে অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে এলাকায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তরা দেশের বাইরে। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.