প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭ (রবিবার)
নড়াইলে আসলে কী হয়েছে?

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর নামক একটি গ্রামের রাজনৈতিক সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ঘুরছে। কেউ বলছেন, বিএনপির দুই নেতার হত্যার জেরে গ্রামটিতে বসবাস করা আওয়ামী লীগ নেতা এবং তাদের স্বজনদের প্রায় ‘অর্ধশতাধিক ঘরবাড়িতে’ আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট করা হয়েছে। কেউ দাবি করছেন আরও বেশি।
 

গ্রামটির প্রকৃত অবস্থা জানতে সকাল থেকে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কালবেলা প্রায় ২০ জন মানুষের সঙ্গে কথা বলেছে, যাদের মধ্যে চারজন বেন্দারচরের বাসিন্দা, বাকিরা কালিয়ার বিভিন্ন গ্রামে বসবাস করেন।
 

কালিয়ার বিএনপি নেতাদের দাবি, বড়জোর সাত থেকে আটটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বাড়িগুলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের। ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষের বসবাস নেই বলেও জানিয়েছেন তারা।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমও বলেছেন, ‘হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেটি সঠিক নয়। আমি ইতিমধ্যে গ্রামটি পরিদর্শন করেছি। হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে।’
 

নাম প্রকাশ না করার শর্তে কালিয়া উপজেলার এক বিএনপি নেতা (সংখ্যালঘু সম্প্রদায়ের) বেন্দারচরের আরেক নেতার নাম্বার দেন এই প্রতিবেদককে। তিনিও একই ধরনের দাবি করেন।

ওই নেতা বলেন, ‘আমি যাদের যাদের নাম বলছি, এর বেশি একটা ঘরও পাবেন না। এরা সবাই আওয়ামী লীগ করে।’

কয়েকটি নাম উল্লেখ করে স্থানীয় ওই নেতা বলেন, ‘এমপি মুক্তির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরপর সাবেক চেয়ারম্যান লিটন ফকিরের বাড়ি, জাকারিয়ার বাড়ি, কামাল মোল্লার বাড়ি, আকবর মোল্লার বাড়ি, টুকু চেয়ারম্যানের (সাবেক) বাড়ি, বিপ্লব বিশ্বাসের তিন ভাইয়ের বাড়ি, বিল্লালের বাড়ি, নূর ইসলাম শেখের দোকান এবং বাড়ি ও জাহিদুল শেখের দোকানে আগুন দেওয়া হয়েছে।’
 

গ্রামটি অনেক বড়। প্রায় ২২০০ ভোটার। দুটি পাড়ায় বিভক্ত। পশ্চিম পাড়াকে বলা হয় আওয়ামী লীগের পাড়া। আর পূর্বপাড়াকে বলা হয় বিএনপি পাড়া। শুক্রবার রাতে মূলত পশ্চিম পাড়ায় আগুন দেওয়া হয়।

স্থানীয় ওই বিএনপি নেতা পশ্চিমপাড়ার এক আওয়ামী লীগ নেতার নাম্বার দেন। তিনি এখন পলাতক। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার দোকান লুটপাট করা হয়েছে। আমাদের পাড়ায় কোনো পুরুষ নেই। অনেক বাড়ির মহিলাও ঘরছাড়া। কমপক্ষে ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’

বিএনপি নেতাদের দেওয়া তথ্য সঠিক নয় দাবি করে তিনি বলেন, ‘আপনি যাদের নাম বললেন, তাদের পাশাপাশি আলাল উদ্দিন শেখের দোকান, মোয়াজ্জেম শেখের বাড়ি, বাশার শেখের বাড়ি, শাহাজান বিশ্বাসের বাড়ি, টিপলু বিশ্বাস ও ভুলু বিশ্বাসের বাড়িতেও আগুন দিয়েছে। আমাদের বাড়ি একদম শেষ মাথায়। বাড়ি থেকে কেউ বের হতে পারছে না। তাই নির্দিষ্ট করে আরও নাম উল্লেখ করতে পারছি না। আমার ধান লুটপাট করেছে বৃহস্পতিবার। দোকানের মালিক ঠেকাতে গেলে তাকে মারধর করা হয়েছে। আমার সবাই গ্রামছাড়া।’
 

ঘটনার শুরু যেভাবে
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অতর্কিত হামলা চালায়। এতে কৃষকদল ও জাসাসের দুই নেতাসহ ১০-১৫ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই নেতা মারা যান।

নিহতরা হলেন- কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪০) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)। স্থানীয়ভাবে তারা শাহীন মোল্যা ও সোহেল মোল্যা নামেও পরিচিত।

জোড়া হত্যাকাণ্ডের এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, বিক্ষুব্ধ লোকজন এসব হামলায় অংশ নেন। এতে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 

নিহত ওই দুই নেতার কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ শেষে এলাকা ত্যাগ করার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই সাবেক সংসদ সদস্যের বাড়িসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

এদিকে কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির।
 

হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা নয়: পুলিশের বিবৃতি
শনিবার নড়াইল জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যেসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। হিন্দু সম্প্রদায়ের কারও ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। আগে ধারণ করা ও এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালিয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ভিকটিমের আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২