ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বাধীনতা ও কাজের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল পৌরসভার সম্মেলনকক্ষে এ আয়োজন করা হয়।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহযোগিতায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ইতোমধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে, যা বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পাশাপাশি জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণ এবং অপসাংবাদিকতা বা ভূয়া সাংবাদিকতা রোধে একটি বিশেষ সেল গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল এবং আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন। সেমিনারে শ্রীমঙ্গল ২৩জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/ সাইফুল/ এহিয়া-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.