ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় বালুমহালের ইজারাদারের তিন কর্মচারীকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বড়গাং বালুমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।
সূত্র জানায়, অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকাগুলো বালুসহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পরে চারটি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন জানায়, নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে বড়গাং বালুমহালের ইজারাদারের তিন কর্মচারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা অপরাধ স্বীকার করেন। ফলে এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে, তাঁদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।আটক ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এবিষয়ে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.