প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২৩:১৩ (রবিবার)
সিলেটে নদীর পাড় কেটে বালু উত্তোলন, জরিমানা

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরে বড়গাং বালুমহাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর তীরবর্তী পাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকার ইঞ্জিন জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ বালু উত্তোলনে সহযোগিতার অভিযোগে বালুমহালের ইজারাদারের তিন কর্মচারীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।

 

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বড়গাং বালুমহালের উজানে বসতবাড়িসংলগ্ন নদীর তীরবর্তী পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় প্রায় ২৫ থেকে ৩০টি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালু সংগ্রহের কার্যক্রম শনাক্ত করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে শ্রমিকেরা বালুভর্তি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কয়েকটি নৌকা বালুসহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এ ছাড়া চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করেন অভিযান সংশ্লিষ্টরা।

 

অভিযানকালে বড়গাং বালুমহালের ইজারাদারের পক্ষে রয়্যালটি আদায় ও রসিদ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মচারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নদীর তীরবর্তী পাড় কেটে উত্তোলন করা বালুর বিপরীতে রয়্যালটির রসিদ দিয়ে অবৈধ কার্যক্রমকে বৈধতা দেওয়ার এবং বিধিবহির্ভূতভাবে রয়্যালটি আদায়ের অভিযোগ আনা হয়।

 

উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আটক ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে নগদ অর্থদণ্ড পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

 

অভিযানকালে নদীর উভয় তীরের বাসিন্দা এবং বালু উত্তোলনের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের অবৈধভাবে নদীর পাড় কেটে বালু সংগ্রহসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম বলেন, নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বরদাশত করা হবে না।

 

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের দল, উপজেলা প্রশাসন এবং সিলেট জেলা থেকে আসা ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

জেলা ও উপজেলা প্রশাসন জানিয়েছে, জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নদীর পাড় কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ জাহিদ/ এহিয়া-১৩