প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ০০:২০ (রবিবার)
হুজরায় কিশোরীকে ধ*র্ষ*ণ*চে*ষ্টা, সুনামগঞ্জে কা রা গা রে ইমাম

ছবি: সংগৃহিত।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২১ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার ওই ইমামের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা করেন কিশোরীর বাবা।

 

অভিযুক্ত সাদিকুর রহমান উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম। তিনি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা। প্রায় ১১ মাস ধরে তিনি ওই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

 

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি দোকান থেকে চা পাতা কিনতে যাচ্ছিল কিশোরীটি। এ সময় মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে ইমাম তাকে জোর করে হুজরায় (নিজের কক্ষে) নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে এলে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। 

 

কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান, দুই স্কুলছাত্রের কাছ থেকে খবর পেয়ে তারা ইমামের কক্ষে যান। সেখানে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত লোকজনের সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন বলে জানান তিনি।

 

স্থানীয়দের অভিযোগ, কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছিলেন ওই ইমাম। তবে আটক হওয়ার পর পুলিশ ও স্থানীয়দের কাছে ইমাম দাবি করেন, কিশোরী নিজেই তার কক্ষে প্রবেশ করেছিল। তিনি তার হাত ধরেছিলেন এবং লোকজন দেখে ফেলবে-এমন আশঙ্কায় তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন। এ সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান তিনি। ঘটনার পর স্থানীয়রা ইমাম সাদিকুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার কিশোরীর বাবা তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইয়ারাবাদ গ্রাম থেকে ওই ইমামকে আটক করা হয়। পরে কিশোরীর বাবার দায়ের করা মামলায় শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ জানান, শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৪