প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ০০:২০ (মঙ্গলবার)
যে কারণে সিলেট জেলা ও মহানগর যুবদলকে ৩ দিনের আল্টিমেটাম

ছবি: সংগৃহিত।

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে না পারায় সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এ নির্দেশনার পর দুই ইউনিটের নেতাকর্মীদের মধ্যে কমিটি গঠন নিয়ে তৎপরতা বেড়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে পৃথক দুটি চিঠির মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

 

চিঠি দুটি পাঠানো হয়েছে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বরাবর।

 

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই সময় পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা।

 

চিঠিতে বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে আগামী তিন দিনের মধ্যে উভয় ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

 

কেন্দ্রের এমন কঠোর অবস্থানের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের রাজনীতিতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেতে আগ্রহী নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ ও চাঞ্চল্য। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট নেতারা কাজ করছেন বলে জানিয়েছেন।

 

এ বিষয়ে সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা মেনেই দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়া হবে। শীগ্রই কমিটির তালিকা কেন্দ্রে প্রেরণ করা হবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮