ছবি: সংগৃহিত।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও জলবায়ু অর্থায়ন নিয়ে নজিরবিহীন অচলাবস্থার জেরে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ৩১)। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৪৪ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার আলোচনা চললেও অংশগ্রহণকারী প্রায় ২০০টি দেশ ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে এক বিশৃঙ্খল ও হতাশাজনক সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে তুরস্কের পর্যটন শহর আনতালিয়ায় আয়োজিত ইতিহাসের দীর্ঘতম এই কপ সম্মেলনের পর্দা নামে। হতাশা ও ক্ষোভ নিয়ে সম্মেলনস্থল ত্যাগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশবাদী, জলবায়ু কর্মী ও প্রতিনিধিরা।
জানা গেছে, সম্মেলনের শুরু থেকেই তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়া চুক্তি পেশ করা হয়, তাতে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছিল না।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, পানামা এবং মার্শাল দ্বীপপুঞ্জ ও টুভালুর মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো এই খসড়াকে ‘অত্যন্ত দুর্বল’ ও ‘গ্রিনওয়াশিং’ (পরিবেশ রক্ষার ভান) আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করে।
অন্যদিকে, সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট চুক্তিতে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের (ফেজ-আউট) বিষয়টি অন্তর্ভুক্ত করার তীব্র বিরোধিতা করে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, যেকোনো চুক্তি পাসের জন্য উপস্থিত সব দেশের সর্বসম্মতি প্রয়োজন হওয়ায় শেষ পর্যন্ত খসড়াটি গৃহীত হয়নি।
পরবর্তীতে রোববার (২২ নভেম্বর) সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম চুক্তি গৃহীত না হওয়ার ঘোষণা দেন। অধিবেশন চলাকালে আফ্রিকান গ্রুপ ও জাতিসংঘের জলবায়ু প্রধানের প্রতি সভাপতির আচরণ নিয়েও উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে চূড়ান্ত চুক্তি ছাড়া সম্মেলন শেষ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আনতালিয়া ছেড়েছেন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিনিধিরা।
‘ফ্রেন্ডস অব দ্য আর্থ’ এবং ‘৩৫০.অর্গ’-এর মতো সংস্থাগুলোর নেতারা জানান, খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকা ছিল দূষণকারীদের অবাধ ছাড়পত্র দেওয়ার শামিল। অনেক পরিবেশবাদী এই দুর্বল খসড়া বাতিল হওয়াকে স্বাগত জানিয়ে বলেন, "কোনো চুক্তি না হওয়া একটি খারাপ ও প্রতারণামূলক চুক্তির চেয়ে অনেক ভালো।"
উল্লেখ্য, ১৯৯৫ সালে কপ সম্মেলন শুরু হওয়ার পর ২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনের (কপ১৫) পর এই প্রথম কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই জলবায়ু সম্মেলন শেষ হলো। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা যখন হুমকির মুখে, তখন আনতালিয়ার এই ব্যর্থতা বৈশ্বিক জলবায়ু কূটনীতিকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আগামী বছর জার্মানির বনে মধ্যবর্তী বৈঠক এবং ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য কপ৩২ সম্মেলনে পুনরায় আলোচনা শুরু হবে।
সিলেটভিউ২৪ডটকম/ খলিল/ এহিয়া-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.