ছবি: সিলেট ভিউ।
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে সিলেট বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানকালে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিআরটিএ সিলেট কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য মোট ৭১টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে ৭১টি গাড়ি পরিদর্শন করা হয়। এ সময় একটি গাড়ির আবেদনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসে। গাড়িটির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সবকিছু সঠিক থাকার পরও পরিদর্শনকারী বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল বলে উল্লেখ করেন এবং সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে এক দালাল এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। এমতাবস্থায় ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয়।
এ বিষয়ে সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সুবেল আহমদ বলেন, ‘বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান পরিচালনা করে।’
তিনি আরও বলেন, ‘অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে অভিযানের সময় প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.