প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:২৯ (সোমবার)
বাংলাদেশের ওয়ানডে দলে সিলেটের খালেদ-জাকের

ছবিঃ সংগৃহীত ছবি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হয়। ঘোষিত দলে সিলেটের দুই ক্রিকেটার পেসার সৈয়দ খালেদ আহমেদ ও উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক জায়গা পেয়েছেন।


লিটন দাসের নেতৃত্বে এই দলে সবচেয়ে বড় চমক সিলেটের পেসার সৈয়দ খালেদ আহমেদের প্রত্যাবর্তন। টেস্ট একাদশে জায়গা ফিরে পাওয়ার দিনেই যেন 'মেঘ না চাইতেই বৃষ্টির' মতো পেলেন ওয়ানডে দলে ডাক পাওয়ার সুখবর। প্রায় তিন বছরের বেশি সময় পর ৫০ ওভারের সংস্করণে জাতীয় দলে ফিরলেন এই অভিজ্ঞ পেসার।

 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল খালেদের। ওই সিরিজে ক্যারিয়ারের এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের সবশেষটি খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন সীমিত ওভারের বিবেচনায় না থাকলেও হুট করেই আবার ডাক পড়ল তার। 

 

সিলেটের আরেক প্রতিনিধি জাকের ও ওপেনার নাঈম শেখ ওয়ানডে দলে ফিরেছেন এক বছরের বেশি সময় পর। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আর এই সংস্করণে খেলা হয়নি তাদের। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাদের ফেরার পথ সুগম করেছে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ৮ ইনিংসে ৫৩.৬০ গড়ে ২৬৮ রান করেছিলেন জাকের, আর ১১ ইনিংসে ৫২.৩৩ গড়ে ৪৭১ রান এসেছিল নাঈমের ব্যাট থেকে।

 

খালেদ ও জাকের ছাড়াও এই স্কোয়াডে ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ এবং বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ায় বাদ পড়েছেন আলিস আল ইসলাম।

 

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৪ ডিসেম্বর গেবেহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপ টাউনের নিউল্যান্ডসে তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে। দিবারাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায়।

 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩