ছবি: সিলেটভিউ
গ্রীস্মকালীন সুস্বাদু ফল তরমুজ। ফলটি বেশ জনপ্রিয়ও। তবে, তরমুজ এখন শীতকালেও হয়। অর্থাৎ বারোমাসী তরমুজ। তরমুজ বলতেই সবুজ ডোরাকাটা আবরণের ভিতর টকটকে লাল শাঁস হওয়া চাই। লাল রঙ কম হলে কিংবা সাদা হলে যেখানে ক্রেতাদের মন ভরে না, সেখানে হলুদ রঙয়ের তরমুজে বাজিমাত করলেন খোর্শেদ আলম।
সেই সাথে হলুদ তরমুজে আর্থিক সফলতাও পেয়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ডোমাবাড়ি গ্রামের এ যুবক। একটি ইউটিউব ভিডিও রঙয়ে ও স্বাদে ভিন্নতর এ তরমুজ চাষের মাধ্যমে খোর্শেদের ভাগ্য বদলে দেয়। তার এ সফলতায় অনুপ্রাণিত হয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে আরো কিছু যুবক হলুদ তরমুজ চাষে এগিয়ে আসছেন।
২০২০ সালে স্মার্টফোনে ইউটিউব ঘাঁটতে গিয়ে চীনে হলুদ তরমুজ চাষের একটি ভিডিও চোখে পড়ে তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলমের। ভিডিওটি দেখে তার আগ্রহ জাগে। মনে প্রশ্ন জাগে কৃষিপ্রধান এ দেশে কেন এমন তরমুজ চাষ করা যাবে না? সেই ভাবনা থেকেই বাড়ির পাশের মাত্র ছয় শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজের বীজ রোপণ করেন। প্রথমবারেই প্রায় ২৫০টি ফল পান। সখের বসে শুধু পরিবারের চাহিদা মেটানোই উদ্দেশ্য ছিল। কিন্তু ফলন ভালো হওয়ায় এবং স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় তিনি অনুধাবন করেন এই তরমুজই হতে পারে তার ভাগ্য বদলের নতুন সম্ভাবনা। আর যায় কোথায়? ২০২৫ সাল থেকে শুরু হয় বাণিজ্যিক যাত্রা। ছয় শতাংশ থেকে এক একর জমিতে গড়ে তুলেছেন তরমুজ বাগান।
খোর্শেদ আলম দীর্ঘদিন থেকে পরিবেশ ও বন্যপ্রাণি নিয়ে কাজ করছেন। তিনি একজন সংবাদকর্মীও। পাশাপাশি কৃষিকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। ধান কাটার পর জমিগুলোকে কাজে লাগিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গড়ে তুলেছেন তরমুজ বাগান। বাণিজ্যিকভাবে চাষ করছেন বিভিন্ন জাতের আধুনিক তরমুজ। তার বাগানে রয়েছে লিয়োনা, সানগোল্ড, ল্যানফে, রবি ও সূর্যডিম জাতের তরমুজ। পাশাপাশি রয়েছে বিদেশি ফল সাম্মা ও হ্যানিডিউ। জাতভেদে এসব তরমুজের রঙ ও বৈশিষ্ট্যও ভিন্ন। সানগোল্ড জাতের তরমুজের বাইরে হলুদ, ভিতরেও হলুদ। সূর্যডিমের খোসা হলুদ হলেও ভিতরের শাঁস লাল। রবি জাতের তরমুজ বাইরে কালো ডোরাকাটা, ভিতরে হলুদ। লিয়োনা জাতের তরমুজ বাইরে ডোরাকাটা এবং ভিতরে কমলা রঙের শাঁস। আর ল্যানফে জাতের তরমুজ বাইরে ডোরাকাটা হলেও ভিতরে হলুদ। এসব তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি স্বাদেও বেশ মিষ্টি।
গত শীত মৌসুমে খোর্শেদের জমিতে ছিল নোভেল ও ল্যানফে জাতের তরমুজ। তার দাবি, মাত্র তিন মাসেই শীতকালীন এই ফসল ঘরে তোলা সম্ভব। গত বছর তরমুজ চাষে তার খরচ হয়েছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা। বিক্রি করেছিলেন প্রায় সাড়ে আট লাখ টাকার তরমুজ। এতে মাত্র তিন মাসে নিট লাভ হয়েছিল প্রায় পাঁচ লাখ টাকা। এ বছরও প্রায় চার লাখ টাকা লাভ করেছেন।
খোর্শেদের এই সাফল্য দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয় আরও কয়েকজন তরুণ কৃষক। ডোমাবাড়ি গ্রামের সাইদুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, খোর্শেদের শীতকালীন তরমুজের প্রকল্প দেখে তাদেরও আগ্রহ তৈরি হয়। পরে তারা গ্রীষ্মকালীন তরমুজের একটি প্রদর্শনী করেন এবং শুরুতেই সফলতা পান। এবার আরও বড় পরিসরে শীতকালীন তরমুজের প্রকল্প করার পরিকল্পনা করছেন তারা। একই গ্রামের শাহীন আহমদ, আজাদ মিয়াসহ আরও কয়েকজন কৃষকও খোর্শেদের উদ্যোগে উৎসাহিত হয়েছেন। তারাও শীতকালীন তরমুজ চাষে ঝুঁকতে চান।
এদিকে খোর্শেদের তরমুজের বাগান এখন শুধু কৃষি প্রকল্প নয়, একটি পর্যটন স্পট এ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হলুদ তরমুজ বাগান ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠে। প্রতিদিন সিলেট, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছেন ডোমাবাড়ি গ্রামের এই তরমুজ বাগানে। কেউ আসছেন বাগান দেখতে, কেউ কিনে খাচ্ছেন আবার কেউবা পরিবারের জন্য ৫/১০টি তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। দর্শনার্থীদের অভিব্যক্তি হচ্ছে একই বাগানে বিভিন্ন রঙ ও বৈশিষ্ট্যের এমন তরমুজ সত্যিই চমকে দেওয়ার মতো।
খোর্শেদ আলম বলেন, তরমুজ প্রায় শেষ পর্যায়ে এখন আগাম জাতের তরমুজ চাষের মাঠ প্রস্তুত করা হচ্ছে। বাগানে প্রতিদিনই দর্শনার্থী ও ক্রেতার ভিড় বাড়ছে। তরমুজ উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি। উৎপাদন বেশি হলে প্রতিদিন ১৫ থেকে ২০ টন পর্যন্ত তরমুজ বিক্রি করা সম্ভব। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে বাগান ঘুরে দেখছেন এবং তরমুজ কিনে নিচ্ছেন, এতে তিনি আরও উৎসাহিত হচ্ছেন।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, উচ্চমূল্যের এসব হাইব্রিড জাতের তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ‘এ’ ও ‘সি’ রয়েছে। জুড়ীর মাটি ও আবহাওয়া এ ধরনের তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। কৃষি অফিস থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া কৃষকদের সবসময় সহযোগিতা করা হবে।
খোর্শেদ আলমের গল্পটি শুধু ভিন্ন রঙের তরমুজ চাষে নয়, এটি সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব দুর করে স্বাবলম্বী হওয়ারও গল্প। পড়ে থাকা জমিতেই এখন ফলছে লাখ টাকার ফসল। ছয় বছর আগে দেখা ইউটিউবের একটি ভিডিও আজ কৃষি বাণিজ্যে পরিণত হয়েছে। প্রযুক্তির জ্ঞান, নতুন কিছু করার আগ্রহ ও কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি দেখিয়েছেন ইচ্ছা থাকলে পতিত জমিও হতে পারে আয়ের উৎস, আর কৃষিকাজও হতে পারে তরুণদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতার সিঁড়ি। তার এই উদ্যোগ এখন জুড়ীর গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য স্থানের তরুণদের জন্যও হয়ে উঠেছে অনুপ্রেরণার গল্প।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুর/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.