প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৪২ (মঙ্গলবার)
কুয়েতে ধান চাষের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সাফল্য অর্জন 

মরুভূমি ও সীমিত আবাদযোগ্য জমির কারণে কুয়েত ঐতিহাসিকভাবে চালসহ অধিকাংশ খাদ্যশস্যের জন্য বৈদেশিক আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গ্রীষ্মকালে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র তাপমাত্রা, স্বল্প বৃষ্টিপাত, মাটির লবণাক্ততা এবং মিঠাপানির তীব্র সীমাবদ্ধতা দেশটির প্রচলিত কৃষিকাজের ক্ষেত্রে দীর্ঘদিনের বড় বাধা।
 

তবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি মোকাবিলা এবং আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব কৃষি উৎপাদন বাড়াতে কুয়েত সাম্প্রতিক সময়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও পরীক্ষামূলক চাষাবাদে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়াকে জয় করে প্রথমবারের মতো নিজস্ব জমিতে বাসমতি চাল উৎপাদন করে নতুন ইতিহাস গড়েছে দেশটি।
 

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় কৃষিপ্রধান এলাকা আল-ওয়াফরার একটি পরীক্ষামূলক প্রকল্প থেকে সম্প্রতি প্রায় তিন টন বা ৩ হাজার কেজি বাসমতি ধান সংগ্রহ করা হয়েছে, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই প্রকল্পের সাথে যুক্ত কুয়েতি কৃষি কর্মী শাবিব আল-আজমি জানান, গত জুলাই মাসের শুরুতে প্রায় ৫ হাজার বর্গমিটার জমিতে পরীক্ষামূলকভাবে ৩০ কেজি ধানের বীজ বপন করা হয়েছিল।

চাষাবাদের পুরো সময়টাতে পাখির উপদ্রব থেকে ফসল রক্ষায় বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় এবং প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলেও সঠিক পরিচর্যার ফলে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও অনেক বেশি ফলন পাওয়া গেছে।
 

এই পরীক্ষামূলক চাষাবাদ থেকে কেবল চাল উৎপাদনই নয়, বরং বহুমুখী কৃষি সুবিধার দিকটিও সামনে এনেছেন শাবিব আল-আজমি।

তিনি জানান, ধান মাড়াইয়ের পর প্রাপ্ত তুষ মরুভূমির জমির উর্বরতা বাড়াতে কার্যকর জৈব সার হিসেবে ব্যবহৃত হবে এবং অবশিষ্ট খড়কুটো ও গাছপালা স্থানীয় খামারের গবাদিপশুর উন্নত মানের পুষ্টিকর খাদ্য হিসেবে কাজে লাগানো সম্ভব হবে।
 

প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের পূর্ববর্তী মরুভূমিতে ধান চাষের সফল অভিজ্ঞতা ও কৌশলকে কাজে লাগিয়ে কুয়েতের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রাথমিক সাফল্যের পর তাদের পরবর্তী লক্ষ্য হলো দেশজুড়ে বাসমতি চালের চাষ আরও সম্প্রসারিত করা এবং এর পাশাপাশি কুয়েতের মাটিতে অত্যন্ত মূল্যবান মসলা জাফরানের পরীক্ষামূলক চাষ শুরু করা।

 


সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০২