লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান গেটে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে স্থানীয়রা।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক নেতার নাম- ইমন হোসেন।
তিনি রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে ও একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে কয়েকজন মন্ডলতলী বাজারসংলগ্ন কেরোয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটে আগুন ধরিয়ে দেয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক যুবক এসে ব্যাংকের মূল গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন এবং অন্য এক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছেন। আগুন লাগিয়েই তারা পালিয়ে যান। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করেন।
আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটকে রেখে থানার পুলিশে খবর দেন।
গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার ব্যবস্থাপক মো. আব্দুর রহমান বলেন, সোমবার রাত ১২টার দিকে গ্রামীণ ব্যাংক কেরোয়া শাখার মেইন গেটে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশে দেন। এর আগে গত বুধবার রাতেও এই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.