আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬’। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি শ্রেণিকক্ষ সাজানো হয় রঙিন সাজসজ্জা ও বাহারি উপকরণে। বর্ণিল আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও সহপাঠীদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. মকদ্দস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন- একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মকদ্দস আলী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।
একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভার বিকাশে আনন্দময়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
রেক্টর সালমা খানম চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আত্মবিশ্বাস, সহযোগিতার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে নেয় এবং তৈরি করে নানা স্মরণীয় মুহূর্ত। নিয়মিত পাঠদান ও পড়াশোনার ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, সৃজনশীলতা এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি সফল ও আনন্দমুখর করে তুলতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য একাডেমি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.