নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নেওয়ার আলোচনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের পাশাপাশি স্থায়ীভাবে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় আধঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের পরিকল্পনা শিক্ষার্থীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ বন্ধ বা স্থগিত রাখার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক স্থায়ীভাবে অবরোধেরও হুঁশিয়ারি দেন তারা।
পরে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসের পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান। একই সাথে অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.