হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগসংক্রান্ত তথ্য সাংবাদিকদের কাছে পৌঁছানোর সন্দেহে কলেজের প্রভাষক নির্মল চন্দ্র বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন অধ্যক্ষ মোহন মিয়া।
সোমবার (২৩ নভেম্বর) ওই শিক্ষককে দেওয়া নোটিশে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অভিযোগের কপি সাংবাদিকদের কাছে পাঠানোর মাধ্যমে ওই শিক্ষক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ লঙ্ঘন করেছেন।
শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন।
তিনি বলেন, ‘অভিযোগটি তাঁর বরাবর দেওয়া হয়েছে। সেটি বাইরে যাবে কেন, সাংবাদিকদের কাছেই বা যাবে কেন? এতে আইন লঙ্ঘন হয়েছে।’
এ বিষয়ে শোকজপ্রাপ্ত শিক্ষক নির্মল চন্দ্র বিশ্বাস বলেন, ‘এই শোকজের মাধ্যমে তাঁর মানহানি করা হয়েছে। তিনি কোনো সাংবাদিকের কাছে তথ্য দেননি। অভিযোগের কপি যে কেউ যেকোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘তাঁরা দীর্ঘদিন আগে প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু সেই অভিযোগের বিচার না করে উল্টো তাঁদেরই শোকজ করা হচ্ছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ মোহন মিয়াকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে শোকজ করার কী রয়েছে? প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তাঁর কাছে জমা রয়েছে। সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সহায়তা হয়।’
প্রসঙ্গত, চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.