ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেট মহানগরীতে প্রায়ই ঘটছে ছোট-বড় নানা ঘটনা। তবে কিছু কিছু ঘটনায় জনমনে তৈরি হয় আতঙ্ক। ইঙ্গিত দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির। জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মানুষ। গেল দুই বছরে সিলেট মহানগরীতে এরকম তিনটি আলোচিত ঘটনা ঘটলেও দীর্ঘদিনেও এর রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বর্তমান ও সাবেক তিন কমিশনারের সময় ঘটে যাওয়া এসব ঘটনা এখনও রয়ে গেছে রহস্যঘেরা।
সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে সিলেট নগরীর জিন্দাবাজারে আল-হামরা শপিং সিটির চতুর্থ তলার নূরানী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রাতের বেলা বন্ধ মার্কেটের ওই দোকানের তালা ভেঙে চোরেরা ২৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনার পর তৎকালীন পুলিশ কমিশনার মো. রেজাউল করীম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের আশ্বাস দেন। কিন্তু শেষ পর্যন্ত এই দাবিতে রাস্তায় নামতে হয় ব্যবসায়ীদের। একপর্যায়ে কুমিল্লা থেকে চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় মাত্র ৭ ভরি ১৪ আনা স্বর্ণ। কিন্তু ৬ জন গ্রেফতারের পরও যৎসামান্য স্বর্ণ উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়।
আল-হামরা শপিং সিটির নুরানী জুয়েলার্সের মালিক দেওয়ান মোহাম্মদ জাবেদ চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘আমার দোকানে স্বর্ণ ডাকাতির ঘটনায় আমি এখন পর্যন্ত আদালত থেকে ৫ ভরি ১২ আনা ৩ রতি স্বর্ণ পেয়েছি। ঘটনার পর বিভিন্ন সময়ে প্রশাসনের লোকজন এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। কয়েক দিন পরপর তারা মার্কেটে এসে খোঁজখবর নেন এবং তদন্ত চলমান রয়েছে বলে আশ্বাস দিয়ে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার কোনো দৃশ্যমান অগ্রগতি বা সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং লুট হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।’
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেটভিউকে বলেন, ‘আল-হামরা মার্কেটে প্রায় ২৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় সিলেটের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। দীর্ঘ সময়েও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা বাড়ছে।’
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বর্ণের দোকানগুলোর জন্য আলাদা কোনো সমন্বিত নিরাপত্তাব্যবস্থা নেই। ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করছেন। বিশেষ করে যেসব এলাকায় স্বর্ণের দোকান ও জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠান বেশি, সে সব এলাকায় নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। নগরীর প্রতিটি স্বর্ণ মার্কেটে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হোক।’
এদিকে, এই বছরের ৮ মে সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় মহানগর বিএনপির নেতা নাসিম হোসাইনের স্বত্বাধিকারী বিকাশ ডিলার হোসাইন টেলিকমের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলে প্রাইভেট কার আটকিয়ে ও ভাঙচুর করে এই টাকা লুট করা হয়। এ ঘটনার পর তৎকালীন পুলিশ কমিশনার তৎকালীন কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কমিশনার কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতির সাথে কথা বলে জড়িতদের গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধারের আশ্বাসও দেন। ঘটনার পরে মোগলাবাজার থানায় অজ্ঞাতনামা ৭/৯ বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন নাসিম হোসাইন। মামলা দায়েরের পরবর্তী সময়ে পৃথকভাবে বিভিন্ন স্থানে অভিযান দিয়ে ১৩ জনকে গ্রেফতার করে মহানগর পুলিশ। এই ঘটনায় মোট ৪জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির নেতা নাসিম হোসাইন সিলেটভিউকে বলেন, ‘টাকা লুটের ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্তে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, লুণ্ঠিত টাকারও কোনো হদিস পাওয়া যায়নি।’ তিনি বলেন, তৎকালীন পুলিশ কমিশারের আশ্বাসে আশা করেছিলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শনাক্ত করবে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি চোখে পড়ছে না। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে মানুষের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে আস্থার সঙ্কট আরও বাড়বে।’
অন্যদিকে সর্বশেষ এই বছরের ১২ আগস্ট সিলেট মহানগরীর রায়নগরে প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা বেগম (২৫) নৃশংসভাবে খুন হয়েছেন। ঘটনার পরপরই হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, গৃহপরিচারিকার সঙ্গে তর্কের জেরে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। এর পরপরই এইদিন বিকালে ঘটনায় জড়িত অভিযুক্ত রঙমিস্ত্রি বাবুল মিয়াকে (৪০) তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। আটকের পর বাবুল মিয়া পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয় এবং ঘটনার ভিডিও ফুটেজ জব্দও করা হয়। কিন্তু বিপত্তি বাধে আব্দুস সাত্তারের সন্তানরা দেশে আসার পর। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ জানায় গৃহপরিচারিকার সঙ্গে তর্কের জেরে এই ট্রিপল মার্ডার হয় কিন্তু নিহত দম্পতির সন্তানদের দাবি এটি পূর্বপরিকল্পিত মার্ডার।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেটে সংবাদ সম্মেলনে নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার অভিযোগ করেন, তার বাবা আব্দুস সাত্তার ও মা সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা হত্যার ঘটনায় ভূমি বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানায়। পরিবারের দাবি, সিলেট পুলিশ লাইনসংলগ্ন লুসাই গির্জা সমিতির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে আব্দুস সাত্তার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। এ কারণে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।
এসব আলোচিত ঘটনার সার্বিক বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘আল-হামরা শপিং মলের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ৭ ভরি ১৪ আনা স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের টাকা লুটের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং সবশেষে মহানগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার এবং ঘটনার সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ জব্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে তদন্তাধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে পরিচালিত হয়েছে এবং সংশ্লিষ্ট ঘটনায় আসামি গ্রেফতার, আলামত উদ্ধার ও সাক্ষ্য গ্রহণসহ আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। মামলাগুলোর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.